বিরলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০১ পিএম
বিরলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিরলে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত  ০৩ সেপ্টেম্বর ২০২৬ হতে ৪৩০ জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। উপজেলায় মোট ৩৩ টি দলের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সোমবার প্রতিযোগীতার চুড়ান্ত খেলায় কাবাডি বালক ইভেন্টে ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়। কাবাডি বালিকা ইভেন্টে মোখলেসপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রঘুপুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। হ্যান্ডবল বালক ইভেন্টে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। হ্যান্ডবল বালিকা ইভেন্টে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং কাজীপাড়া উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।

চুড়ান্ত খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় উৎসাহিত করতে বিদ্যালয় পর্যায় থেকেই নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধূলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে। একই সঙ্গে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এধরণের প্রতিযোগীতার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, আয়োজক কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে