হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোররাতে উপজেলা মৌজপুর বাজারের ব্যবসায়ী বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতেই হাসানুজ্জামান বাবুর মুদি দোকান ও পাশের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান-ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে আমার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।