৩০০ বছরের ঐতিহ্য দুর্গোৎসব ধরে রেখেছে সাবদিন তালুকদার বাড়ির

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৯ পিএম
৩০০ বছরের ঐতিহ্য দুর্গোৎসব ধরে রেখেছে সাবদিন তালুকদার বাড়ির

প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবদিন তালুকদার বাড়িতে। দীর্ঘদিনের এই ঐতিহ্য আজও ধরে রেখেছে তার স্বকীয়তা। প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে বাড়িটিতে তৈরি হয় উৎসবমুখর আমেজ। এবারের আয়োজনকে ঘিরে এসেছে নতুনত্ব। ভিন্ন আঙ্গিকে পূজার আয়োজন করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত নিরলস পরিশ্রম করে মাটি, খড় ও রঙের নিপুণ কারুকাজে প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ চলছে।

প্রতিমা কারিগররা জানান, সময়মতো প্রতিমার কাজ শেষ করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিমার প্রতিটি অংশে শৈল্পিকতা ও নান্দনিকতার ছোঁয়া দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পূজা কমিটির সভাপতি সুমন তালুকদার জানান, সাবদিন তালুকদার বাড়ির দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। প্রতিবছর পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্তের মানুষ এখানে সমবেত হন। নতুন প্রজন্মের কাছেও এই ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ তালুকদার রুদ্র বলেন এবারের ভিন্নধর্মী আয়োজন দর্শনার্থী ও ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করবে। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। বিশেষকরে আমাদের তালুকদার বাড়ীর বাপ্পী তালুকদার, তাপস তালুকদার , ডা. সজীব তালুকদার, ডা. শিমূল তালুকদার, মঙ্গল তালুকদার, পল্লব তালুকদার, বিশাল তালুকদার, পাপ্পু তালুকদারসহ সবাই সার্বিক সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে