১০ হাজার সমর্থকে মধ্যাহ্নভোজ

তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যানের লড়াইয়ে নতুন মুখ জাহেদুল

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যানের লড়াইয়ে নতুন মুখ জাহেদুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম। এ আয়োজনের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ইতিপূর্বে তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর। এই দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে এবার সম্ভাব্য আরও এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে যুক্ত হলেন জাহেদুল ইসলাম।

এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দাওয়াত পৌঁছে দেন জাহেদুল ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক দলে দলে মনঝার বাজারে উপস্থিত হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন জাহেদুল ইসলাম। 

এ উপলক্ষে উপস্থিত নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার সমর্থকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। সকাল থেকেই মনঝার উচ্চ বিদ্যালয় মাঠে রান্নার আয়োজন চলে। মধ্যাহ্নভোজের জন্য একটি গরু, একটি খাসি, ২০ মণ চাল ও ১৩ মণ ডাল রান্না করে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জাহেদুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তুলসীগঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৩০৫ জন।

অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের আগ্রহের কথা জানিয়ে জাহেদুল ইসলাম বলেন, ‘আমি একজন বিএনপির কর্মী। ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং কৃষকদের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিকসেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় রয়েছে তাঁর। স্থানীয় আব্দুর রশিদ মাস্টারসহ কয়েকজন সমর্থক জানান, জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার চেষ্টা করে আসছেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে