রাজারহাটে ফুটবল টুর্নামেন্টে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
রাজারহাটে ফুটবল টুর্নামেন্টে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

কুড়িগ্রামের রাজারহাটে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট কামিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সন্তানহারা রাজীবের মা আবেগঘন বক্তব্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ। এই যুবসমাজ যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে-এটাই এখন সময়ের দাবি। তিনি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আলতাফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং সদস্য সচিব শহিদুল ইসলাম।

ফাইনাল খেলায় উমরমজিদ ইউনিয়ন একাদশ ও চাকিরপশার ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন উমরমজিদ ইউনিয়ন একাদশের খেলোয়াড় ও সমর্থকরা।

আপনার জেলার সংবাদ পড়তে