কেন্টে ফিরেই দুর্দান্ত বোলিং হাসান মাহমুদের

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ পিএম
কেন্টে ফিরেই দুর্দান্ত বোলিং হাসান মাহমুদের

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। এই টাইগার পেসারের অসাধারণ বোলিংয়ের কল্যাণে প্রথম ইনিংসে লিড নিয়েছে কেন্ট। দ্বিতীয় দিনশেষে এগিয়ে আছে ২১৮ রানে। আগের দিন পরপর দুই বলে জোড়া উইকেট শিকার করেছিলেন হাসান। ওপেনার জ্যাক লিব্বির স্ট্যাম্প উড়িয়ে দেওয়ার পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রেহান এডভালথকে। দ্বিতীয় দিনেও দুর্দান্ত ছিলেন ডানহাতি এই পেসার। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন ম্যাথু ওয়েট। ২৯ বলে ১৫ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে অ্যাডাম ফিঞ্চকে ফেরান বাংলাদেশের তারকা পেসার। দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হাসান। ৬৮ রানে ৪ উইকেট নিয়ে কেন্টের সেরা বোলারও তিনিই। হাসানের পাশাপাশি কেন্টের হয়ে ম্যাট মিলনেস তিনটি ও কেথ ডাজন নিয়েছেন দুইটি উইকেট। হাসানের এমন অসাধারণ বোলিংয়েই প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট হওয়ার পরও লিড পেয়েছে কেন্ট। উস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন ড্যানিয়েল লেটগান। এ ছাড়া অ্যাডাম হুস ৫০ রান করেছেন। বাকিদের মধ্যে কেউই আর ২০ রান ছুঁতে পারেননি। কেন্টের চেয়ে ২১ রানে পিছিয়ে ২১৭ রানে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ১৯৭ রান তুলেছে কেন্ট। ফিফটি করে সাজঘরে ফিরেছেন জ্যাক ক্রলি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন স্যাম নর্থইস্ট, অপরাজিত আছেন ৯৬ রানে। অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ড অপরাজিত আছেন ১৭ রানে।