ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী নাজমা আরা বেগমও আহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিমন্ত্রীর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে তার পূর্বনির্ধারিত এলাকার সফর বাতিল করা হয়। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাঁ পায়ের সোল্ডার এবং বুকে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগমও দুর্ঘটনায় আহত হন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেওয়া ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।