ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাজিম মোল্লা(২৮)নামে একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত জেরে আদালতে মামলাকে কেন্দ্র করে বুড়িশ্বর গ্রামের মহিউদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুর রশীদ গংদের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাজিম মোল্লার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি তদন্ত কৃষ্ণ লাল ঘোষ জানান,পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত নাজিম মোল্লার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।