ঈশ্বরদীতে স্কুল কমিটি গঠন নিয়ে ছুরিকাঘাতে বিএনপি কর্মী আহত

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম
ঈশ্বরদীতে স্কুল কমিটি গঠন নিয়ে ছুরিকাঘাতে বিএনপি কর্মী আহত

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহিনুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চরকুড়ুলিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শাহিনুর ইসলাম চরগড়গড়ি গ্রামের নায়েব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহিনুর ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

এলাকাবাসী জানান, আহত শাহিনুর ইসলাম পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণ ও হামলাকারীদের বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে