সাইবার সেল, জেলা পুলিশ নীলফামারী কর্তৃক উদ্ধারকৃত ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের মাঝে ওই মোবাইল ফোন হস্তান্তর করা হয়। গত ১৩ জুন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় প্রযুক্তি ভিত্তিক আধুনিক পুলিশিং ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। সাইবার সেলের চৌকস ও দক্ষ টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারসহ ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ রোধে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।
৩ সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী। এ সময় ছিলেন এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী। উদ্ধারকৃত মোবাইল গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট। হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা। নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।