বগুড়ার শেরপুরে পৌরসভার নামে কথিত টোল আদায়ের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করায় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে টোল আদায়কারীদের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিপুর এলাকায় কয়েকজন ব্যক্তি পৌরসভার নামে সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় করছিলেন। এ সময় তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশা থামানোর চেষ্টা করেন। হঠাৎ গতিরোধ করায় পেছন থেকে আসা একটি অটোরিকশা আকস্মিক ব্রেক করলে সেটি সিএনজির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিক্সায় থাকা কয়েকজন যাত্রী আহত হন।
আহত সোহেল রানা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই এলাকায় মাঝে মধ্যেই টোল আদায়ের নামে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বৃহস্পতিবারের দুর্ঘটনার পর তাঁরা এর প্রতিবাদ করলে টোল আদায়কারীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে টোল আদায়কারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এক যুবকের মাথায় ইটের আঘাত লেগে রক্তাক্ত হয় বলে অভিযোগ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কের ওপর হঠাৎ যানবাহন থামিয়ে টোল আদায় করায় যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে অভিযোগের বিষয়ে টোল আদায়কারীদের বক্তব্য জানতে ঘটনাস্থলে গেলে তাঁরা সাংবাদিকদের দেখে সেখান থেকে চলে যান। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’