সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকঢোল ও স্লোগানে মুখর হয়ে ওঠে দিরাই পৌর শহর। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। দেশের গণতন্ত্র, জনগণের জানমালের নিরাপত্তা ও উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য ১লা সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী বলয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। আজ তৃণমূল ও ত্যাগী বিএনপি সহ উপজেলা পৌর বিএনপির সিনিয়র নেতাদের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।