বিরলে খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার পয়েন্ট হতে ৩৬০ কেজি চাল ভ্যানযোগে অন্যত্র নিয়ে যাওয়ার সময় জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে বিরল পৌরশহরের শংকরপুর বালাপুকুর মোড়ে ০৫ নং বিরল ইউনিয়নের মাধববাটি গ্রামের আফজাল হোসেন এর ছেলে ভ্যানচালক ফরিদুল ইসলাম এর ভ্যানে থাকা ১২ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
ভ্যানচালক ফরিদুল ইসলাম জানান, একই ইউনিয়নের করলা গ্রামের মৃত সাফায়েত উদ্দীন এর ছেলে মোঃ আলম হোসেন তাঁকে ঢেড়াপাটিয়া বাজারে চালগুলো নেয়ার জন্য ভাড়া করেছেন।
দুপুরে এ রিপোর্ট লেখাকালীন খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার মোসার্স মাসুদ ট্রেডার্স এর প্রোপাইটার মোঃ মাসুদ রানা ও চাল ক্রেতা আলম হোসেনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই চলছিল। জব্দকৃত চালগুলো এতিমখানায় প্রদান এবং প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে চাল ক্রেতাকে ১ হাজার টাকার অর্থদণ্ড এবং চাল প্রদানকারী উপকারভোগীদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম জানান।