বাগমারাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবেঃ এমপি ডাঃ বারী

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ পিএম
বাগমারাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবেঃ এমপি ডাঃ বারী
রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বড় বিহানালী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, বাগমারার উন্নয়নের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাগমারাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে। তিনি আরও বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থানসহ মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাগমারার প্রতিটি ইউনিয়নের মানুষের সমস্যা ও প্রত্যাশা জানতে সরাসরি তাদের কাছে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। গণসংযোগকালে স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। আলোচনা সভায় রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন, নায়েবে আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি ডাঃ ওয়ারেছ আলী, বাগমারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ আলমগীর হোসেন, বড় বিহানালী ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ আলী, সেক্রেটারি একলাস উদ্দিন, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির সাহার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বড় বিহানালী ইউনিয়নের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে