ভিলা পার্কে টানটান লড়াইয়ের ম্যাচে পার্থক্য গড়ে দিলেন বুকায়ো সাকা। তার দ্বিতীয়ার্ধের গোলে আর্সেনাল ১-০ তে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল। এক ঘণ্টার মাথায় ইংল্যান্ডের আন্তর্জাতিক ফরোয়ার্ড খুব কাছ থেকে গোল করেন। এবেরেচি এজে ও রিকার্ডো কালাফিওরির সমন্বিত প্রচেষ্টায় ভিলার গোছালো রক্ষণভাগ চিড়ে বল পান তিনি। তারপর জাল কাঁপান। গানারদের হয়ে লিগে অভিষেক হয় ব্রুনো গিমারায়েসের। গত সপ্তাহে চেলসি থেকে আসা নিকোলাস জ্যাকসন ভিলার হয়ে প্রথমবার শুরু থেকে খেলেছেন। ম্যাচের গল্পটা ভিন্নও হতে পারত এমিলিয়ানো বুয়েন্দিয়ার প্রচেষ্টা ক্রসবারে না লাগলে। শেষ দিকে ভিলা আর্সেনালের ওপর চাপ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি। প্রথম ৪৫ মিনিটি কোনো দল লক্ষ্যে শট রাখতে পারেনি। বিরতির পর ৫৪তম মিনিটে আর্সেনাল ভেবেছিল তারা পেনাল্টি পেয়েছে। মাতসেন ফাউল করেন সাকাকে। রেফারি জ্যারেড জিলেট পেনাল্টি দেন। কিন্তু ভিএআরে দেখা গেছে, ফাউল হয়েছে বক্সের বাইরে। ভিলাও পেনাল্টির দাবি তুলেছিল বক্সের মধ্যে মাতসেন পরে যাওয়ার পর। কিন্তু জিলেট তা প্রত্যাখ্যান করেন এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি। লক্ষ্যে কোনো শট না রেখেই ম্যাচ শেষ করে ভিলা।