দুই বছর পেরিয়ে গেলেও শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোটি সংস্কার করা হয়নি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ পিএম
দুই বছর পেরিয়ে গেলেও শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোটি সংস্কার করা হয়নি

২০২৪ সালের ৫ আগস্টের পর বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। উত্তাল সেই সময়ে শেরপুরেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় শেরপুর জেলা পরিষদ ডাকবাংলো। কিন্তু ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার করে চালু করা হয়নি গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটি। দীর্ঘদিন ধরে অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর এখানে মাদকসেবীদের আনাগোনাও বেড়ে গেছে। এখানে নিয়মিত হয় মাদকের আড্ডা।

এক সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনে ব্যবহৃত হতো এই ডাকবাংলো। এখন সেই ভবনই পড়ে আছে তালাবদ্ধ ও অচল অবস্থায়। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, অন্যদিকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডাক বাংলোটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় সরকারি ভবনটি এখন মাদক সেবিদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। ফলে নিরাপত্তার ঝুকিতে রয়েছে তারা।

স্থানীয় মাহিম আহমেদ বলেন, ডাক বাংলোর ভিতরে বখাটে ছেলেদের নিরাপদ মাদক সেবনের জন্য আস্তানা গড়ে উঠেছে। তারা প্রতিনিয়ত ভবনের ভিতরে মাদক সেবন করে। এতে আশপাশের মানুষ নিরাপত্তাহীনতায় থাকে।

এ বিষয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ  বলেন,  ডাক বাংলোটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে