কোটচাঁদপুরে সচেনতামূলক পথনাট্য উৎসব

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ পিএম
কোটচাঁদপুরে সচেনতামূলক পথনাট্য উৎসব

শিশুদের মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, ইভটিজিং, মাদক ও আত্মহত্যার কুফল তুলে ধরে ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাপক সাড়া ফেলেছে মিতুল সাইফ রচিত ও পরিচালিত পথনাটক ‘অন্ধকারের শেষে’।

সোমবার (৩১ আগস্ট) কোটচাঁদপুরের সলেমানপুর প্রাথমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ পথনাট্য উৎসবের আয়োজন করে কোটচাঁদপুর মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

দুপুর আড়াইটায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সলেমানপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মরিয়ম খাতুন, সংগীত পরিচালক কে. এস. টুটুল ও নৃত্য পরিচালক সবু হোসেন।

পরে বিকেল ৩টায় মিতুল সাইফ রচিত ও পরিচালিত পথনাটক ‘অন্ধকারের শেষে’ মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন জাহিদ হাসান শোভন, বুলবুলি, সুষ্মিতা পাল, বাপ্পি পাল, অসিত কুমার ঘোষ ও মিতুল সাইফ।

নাটকটিতে শিশুদের মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, ইভটিজিং, মাদক ও আত্মহত্যার কুফল তুলে ধরার পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়। নাটকের বিভিন্ন চরিত্র ও সংলাপের মাধ্যমে এসব সামাজিক ব্যাধির ভয়াবহতা তুলে ধরা হলে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ও মাদকের ভয়াল থাবা থেকে শিশু কিশোরদের রক্ষা করতে প্রতিটি অভিভাবককে আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তারা আরও বলেন, সমাজে সচেতনতামূলক এ ধরণের পথনাটক বেশি বেশি প্রদর্শন করা হলে শিশু কিশোরসহ সাধারণ মানুষ মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, ইভটিজিং, মাদক ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার কুফল সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। 

আপনার জেলার সংবাদ পড়তে