বাংলাদেশের কারুশিল্প শুধু ঐতিহ্যের অংশ নয়, বরং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শীতলপাটি, তাঁত, মৃৎশিল্প কিংবা বুনন শিল্প শত শত বছর ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে আধুনিকীকরণ ও বাজার সংযোগ প্রয়োজন, তা এখনও পর্যাপ্ত নয়। ফলে কারুশিল্পীরা তাদের সৃজনশীলতা দিয়ে পণ্য তৈরি করলেও কাঙ্ক্ষিত মূল্যায়ন পান না। প্রথম বড় সমস্যা হলো মানসম্মত কাঁচামালের অভাব। আন্তর্জাতিক মানের কাঁচামাল সহজলভ্য না হওয়ায় কারিগররা পণ্যের গুণগত মান বজায় রাখতে পারেন না। দ্বিতীয়ত, অর্থায়নের জটিলতা তাদের উদ্যোক্তা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্যাংক ঋণের জটিল প্রক্রিয়া ও উচ্চ সুদের হার প্রান্তিক কারিগরদের নিরুৎসাহিত করে। তৃতীয়ত, বাজার সংযোগ দুর্বল হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছানো যায় না। ব্র্যান্ডিং ও বিপণন দুর্বল থাকায় পণ্যের যথাযথ মূল্যায়ন হয় না। আরেকটি বড় সমস্যা হলো ডিজাইন ও উদ্ভাবনের ঘাটতি। ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক রূপ দিতে না পারায় তরুণ প্রজন্মের কাছে কারুশিল্প আকর্ষণ হারাচ্ছে। একই সঙ্গে কপিরাইট ও জিআই সুরক্ষার অভাবে উদ্ভাবনী পণ্য বিদেশি বাজারে অন্য দেশের নামে বিক্রি হয়। এসব কারণে কারুশিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সমাধানও স্পষ্ট। প্রথমত, আন্তর্জাতিক মানের কাঁচামাল সরবরাহে সরকারি উদ্যোগ ও ভর্তুকি প্রয়োজন। দ্বিতীয়ত, প্রান্তিক কারিগরদের জন্য স্বল্পসুদে ঋণ ও মাইক্রোফাইন্যান্স সুবিধা বাড়াতে হবে। তৃতীয়ত, ই-কমার্স প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক প্রদর্শনী ও ডেলিভারি নেটওয়ার্ক সহজ করার মাধ্যমে বাজার সংযোগ তৈরি করতে হবে। চতুর্থত, জাতীয় পর্যায়ে ডিজাইনার পুল গড়ে তুলে কারিগরদের সঙ্গে সরাসরি কাজ করাতে হবে। পাশাপাশি কপিরাইট ও জিআই সুরক্ষা নিশ্চিত করে উদ্ভাবনী পণ্যের আইনি সুরক্ষা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়। এনজিও, গবেষণা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি টেকসই ইকো-সিস্টেম গড়ে তুলতে হবে। আমরা মনে করি, কাঁচামাল, অর্থায়ন, বাজার সংযোগ, ডিজাইন ও আইনি সুরক্ষা— সবকিছু একসঙ্গে নিশ্চিত করতে পারলেই কারুশিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকবে।