রাজধানীর যানজট

প্রযুক্তি, নীতি ও গণপরিবহন সংস্কার জরুরি

এফএনএস | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম
প্রযুক্তি, নীতি ও গণপরিবহন সংস্কার জরুরি

ঢাকার যানজট এখন শুধু নাগরিক দুর্ভোগ নয়, জাতীয় অর্থনীতির জন্যও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, আর নগরবাসীর মানসিক চাপ বাড়ছে। যানজটের কারণে গড় গতিবেগ ঘণ্টায় কয়েক কিলোমিটারে নেমে আসা কোনো আধুনিক রাজধানীর চিত্র হতে পারে না। মেট্রোরেল চালু হলেও সড়কে বিশৃঙ্খল যানবাহনের বহর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ও এআই প্রযুক্তি চালুর ফলে কিছু জায়গায় আইন মানার প্রবণতা বেড়েছে। ক্যামেরার মাধ্যমে গাড়ি শনাক্ত করে ডিজিটালি মামলা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ায় চালকদের মধ্যে সতর্কতা এসেছে। তবে এই উদ্যোগকে সীমিত পর্যায়ে রেখে দিলে কোনো ফল আসবে না। পর্যায়ক্রমে পুরো ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে আনতে হবে। আমাদের মতে, শুধু প্রযুক্তি নয়, কঠোর নীতি ও ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন সড়ক থেকে সরাতে হবে। অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আনতে হবে। গণপরিবহনকে কোম্পানি বা ছাতার নিচে এনে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। একাধিক বাস কোম্পানি একসঙ্গে প্রতিযোগিতা করলে বিশৃঙ্খলা বাড়ে, তাই একক ব্যবস্থাপনায় আনতে হবে। আরও একটি বড় সমস্যা হলো নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা। এগুলো এক ধাপে বন্ধ করা সম্ভব নয়, তবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আইন কঠোরভাবে প্রয়োগ ছাড়া এ ক্ষেত্রে কোনো পরিবর্তন সম্ভব নয়। পর্যায়ক্রমে অন্য সড়কগুলোতেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আমাদের প্রত্যাশা, সরকার প্রযুক্তি ও কঠোর নীতির সমন্বয়ে ঢাকার যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে। সাময়িক অভিযান নয়, ধারাবাহিক উদ্যোগই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।