ডিজিটাল প্রতারণা

প্রযুক্তির যুগে নতুন হুমকি

এফএনএস | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম
প্রযুক্তির যুগে নতুন হুমকি

প্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, কিন্তু একই সঙ্গে প্রতারকচক্রের নতুন হাতিয়ার হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ঋণ অনুমোদন, বিদেশ গমন, চাকরি প্রদান কিংবা নানা সেবার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া এখন নিত্যদিনের ঘটনা। অনেক সময় ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করা হয়, আবার অনলাইন জুয়ার মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো, ভুক্তভোগীদের বড় অংশ সম্মানহানির ভয়ে থানায় অভিযোগ করে না, ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সামপ্রতিক গবেষণায় দেখা গেছে, দেশের কিশোরী ও তরুণীদের বড় অংশ সাইবার বুলিংয়ের শিকার। প্রতারকরা প্রথমে আস্থা অর্জন করে, পরে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে জিম্মি করে। শুধু তরুণীরাই নয়, সব বয়সী মানুষই এই ফাঁদে পড়ছে। পুলিশের পৃথক সাইবার ইউনিট না থাকায় অপরাধ দমনে সক্ষমতা সীমিত। যদিও সরকার সমপ্রতি পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে, বাস্তবায়ন দ্রুত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের মতে, ডিজিটাল প্রতারণা রোধে তিনটি বিষয় জরুরি। প্রথমত, পুলিশের সক্ষমতা বাড়াতে হবে এবং সাইবার অপরাধ দমনে বিশেষায়িত ইউনিটকে শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, প্রযুক্তি ব্যবহারকারীদের প্রাথমিক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে— পাসওয়ার্ড সুরক্ষা, তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক লেনদেন এড়িয়ে চলা অপরিহার্য। তৃতীয়ত, সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে হবে, যাতে ক্ষতিকর কনটেন্ট ও ভুয়া প্রচারণা দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো জনসচেতনতা। মানুষকে বুঝতে হবে, প্রতারণার শিকার হলে চুপ থাকা সমাধান নয়। অভিযোগ জানানো এবং আইনের আশ্রয় নেওয়া অপরাধ দমনের জন্য অপরিহার্য। প্রযুক্তির যুগে নিরাপত্তা সচেতনতা ছাড়া উন্নয়ন টেকসই হবে না। আমাদের প্রত্যাশা, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাইবার অপরাধ দমন করবে এবং নাগরিকদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে।