শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৫:১১ পিএম
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) শিল্পকলা একাডেমি কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে. এম. মাহবুবার রহমান হারেজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ইফতেখার আলম ফরহাদ এবং সংগীত বিভাগের প্রশিক্ষক সৌরভ অধিকারী শুভ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু, সংগীত বিভাগের প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, আয়েশা সিদ্দিকা অনন্যা, জেসমিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের জন্য সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান পরিবেশন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন, সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে