হোসেনপুরে নব বিবাহিত বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৪:৪৮ পিএম
হোসেনপুরে নব বিবাহিত বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হোসেনপুরে নব বিবাহিত বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়। ধুমধাম করে কনের বাড়িতে বর পক্ষের লোকজন নববধুকে নিয়ে বাসর সাজাবে কিন্তু পথিমধ্যে সব গুড়েবালি হয়ে গেল।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুর করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বরের স্বজনরা।

ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে