যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি পারিবারিক শিক্ষা নিয়ে একজন ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মণিরামপুর উপজেলা (পূর্ব) শাখা আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপস্থিত ২১৭ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না, তাদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে ইনসাফ ভিত্তিক দেশ গঠনে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান, মাওলানা সেলিম জাহাঙ্গীর এবং মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, যশোর জেলা সভাপতি মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর এবং জেলা যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও সৎ আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।