ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৪:৫০ পিএম
ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
ছবি: সংগ্রহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ও পেজ দুটিই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই জানান এই শিল্পী।

ফেসবুক ছাড়ার কারণ হিসেবে প্ল্যাটফর্মটির বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসিফ। তাঁর মতে, একসময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুক এখন নানা ধরনের কর্মকাণ্ডের কারণে আগের অবস্থানে নেই। বিশেষ করে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য, বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ‘ভাই, আমি তো এটা বলিনি।’”

এ ধরনের ঘটনার পর সংশ্লিষ্টদের বিষয়টি যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করতে হয় বলেও জানান তিনি। আসিফ বলেন, “তারপর তাঁরা স্ক্যান করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে, তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।”

আসিফের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে নানা ধরনের বক্তব্য, মন্তব্য কিংবা খবর ছড়িয়ে পড়লে ভুল তথ্যের কারণে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারেন। নিজের নামে ছড়িয়ে পড়া কোনো তথ্য বা বক্তব্য নিয়েও তাঁকে বারবার ব্যাখ্যা দিতে হয় বলে জানান তিনি।

ফেসবুক ব্যবহারে দীর্ঘদিন সক্রিয় ছিলেন আসিফ আকবর। দেরিতে ফেসবুক ব্যবহার শুরু করলেও সেখানে তাঁর ভালো অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছিল। তবে প্ল্যাটফর্মটি থেকে দূরে সরে যাওয়ার পর নিজের সময় ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

শুক্রবার কথা প্রসঙ্গে আসিফ বলেন, “ফেসবুকে অনেক সময় যেত। এখন সেই সময়টা পরিবারকে দিচ্ছি। পড়াশোনায় দিচ্ছি। মনে হচ্ছে, আরও জানা দরকার। এখন পর্যন্ত সময়টা আমার নিজের খুব ভালো কাটছে।”

ফেসবুক থেকে দূরে সরে গেলেও সংগীতের কাজ থেকে সরে যাননি এই শিল্পী। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর।

আপনার জেলার সংবাদ পড়তে