শিশু আহনাফের জীবন বাঁচাতে তৃতীয় অপারেশন, অর্থসংকটে ইমাম বাবা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম
শিশু আহনাফের জীবন বাঁচাতে তৃতীয় অপারেশন, অর্থসংকটে ইমাম বাবা

নোয়াখালীর সেনবাগে বিরল রোগ হার্সপ্রাং ডিজিজে আক্রান্ত ১৬ মাস বয়সী শিশু মোঃ আহনাফ। জন্মের পর থেকেই পায়খানা করতে নানা জটিলতায় ভুগছে শিশুটি। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছেন তার বাবা মোঃ সাহেদুল ইসলাম। তিনি একটি মসজিদের ইমাম ও মাদরাসায় শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শায়েস্তানগর গ্রামের সাহেদুল ইসলামের সংসারের একমাত্র সন্তান মোঃ আহনাফ। জন্মের পর থেকেই তার পায়খানার রাস্তা সরু থাকায় পায়খানা করতে কষ্ট হতো। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হলে শিশুটির হার্সপ্রাং ডিজিজ নামের বিরল রোগ শনাক্ত হয়।

সন্তানকে সুস্থ করতে সাহেদুল ইসলাম তার সীমিত সামর্থ্যরে মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে শিশুটির পায়ুপথ সচল করতে পেটের পাশে দুটি বাইপাস অপারেশন সম্পন্ন হয়েছে। প্রথম অপারেশন করা হয় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর নোয়াখালীর মাইজদী মেঘনা হাসপাতালে। দ্বিতীয় অপারেশন করা হয় ২০২৬ সালের ১১ মে ঢাকার পিজি হাসপাতালে।

এখন শিশুটির চিকিৎসায় তৃতীয় অপারেশন প্রয়োজন। আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার পিজি হাসপাতালে অপারেশনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে অপারেশনের খরচ জোগাড় করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন শিশুটির বাবা।

শিশুটির বাবা সাহেদুল ইসলাম জানান, মসজিদের ইমামতি ও মাদরাসায় শিক্ষকতা করে যে সামান্য আয় করেন, তা দিয়েই সংসার চালাতে হয়। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে নিজের সাধ্যমতো সব অর্থ ব্যয় করেছেন। বর্তমানে তৃতীয় অপারেশনের খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তার নেই।

তিনি আরও জানান, একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা হৃদয়বান মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে তার শিশুটির চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

সাহায্য পাঠানোর ঠিকানা নাম: মোঃ সাহেদুল ইসলাম

ঠিকানা: আবু তাহের মিয়ার নতুন বাড়ি প্রকাশ (সিরাজ মিস্তিরি বাড়ি)

গ্রাম: সায়েস্তানগর, সেনবাগ, নোয়াখালী।

বিকাশ: ০১৮১১২৩৯২৫৮

শিশু আহনাফের চিকিৎসার জন্য দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ সমাজের হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার অসহায় বাবা। একটি শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার পরিবারের জন্য বড় আশার আলো।

আপনার জেলার সংবাদ পড়তে