যশোরের চৌগাছায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় উপজেলার ১৬জন বিসিআইসি এবং ২২জন বিএডিসি সার ডিলার অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জি, এম, এ, মুনিব, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা ফার্টিলাইজারি অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনূস আলী দফাদার, উপজেলা ফার্টিলাইজারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম হুসাইন প্রমুখ। সভায় সাম্প্রতিক সময়ের সার সংকটের বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় সার ডিলার ও কৃষি কর্মকর্তাদের সার সংক্রান্ত আইনকানুন কঠোরভাবে অনুসরন করতে নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিগত তিন দিনের মতো প্রতিদিন প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রত্যেক ডিলারের গুদাম সার্স করা হবে। কোথাও সার গুদামজাত করা হলেই শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে। সার নিয়ে কোন অনিয়ম হলে ভ্রাম্যমান আদালতে শাস্তির পাশাপাশি নিয়মিত মামলা, ডিলারশিপ বাতিলসহ সকল প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি কৃষি কর্মকর্তাদের পাশাপাশি ফার্টিলাইজারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে নিয়মিত বিভিন্ন ইউনিয়নের সার ডিলার পয়েন্ট পরিদর্শন করার নির্দেশনা দেন।