এবার এসএসসি পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলোনা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে তার অকাল মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। মেধাবী শিক্ষার্থী আকিমুন বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় পরিচালিত বিদ্যুৎ ফুলবাড়ী উপজেলা সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বন্ধ থাকায় এ জনপদে তীব্র গরম বিরাজ করে।
তীব্র গরমে মানুষজন ঘর থেকে ছুটে আসে গাছতলায়। তেমনি শিক্ষার্থী আকিমুন ইসলাম তার বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়ায় ও একটি বাঁশ গাছ ধরে প্রতিবেশীদের সাথে গল্পগুজবে মেতে ওঠেন। তার হাতে ধরা বাঁশগাছটির সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল সেটি শিক্ষার্থী আকিমুন জানতো না। এরইমধ্যে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ হলে শ্ক্ষিার্থী আকিমুন কাঁচা বাঁশ গাছে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় উপস্থিত প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন মেধাবী শিক্ষার্থী মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক নেমে আসে। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফিজুল ইসলাম শিক্ষার্থী আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন।