নীলফামারীর সৈয়দপুর শহরের ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোঃ তৌহিদার রহমান তৌহিদকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকার কথা জানিয়েছে পুলিশ। ২৪ আগস্ট শহরের সুলতান নগর এলাকায় তাঁর নিজ প্রতিষ্ঠান ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদার রহমান তৌহিদকে গ্রেফতার করা হয়। পরে ২৫ আগস্ট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বলেন, তৌহিদার রহমান তৌহিদের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেফতার হওয়া তৌহিদার রহমান তৌহিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।