চতুর্থ দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০২:১৯ এএম
চতুর্থ দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

ডারউইনের হারের ক্ষত দূর করতে ম্যাকাই টেস্টে স্বপ্নের মতো শুরু করেছে অস্ট্রেলিয়া। ১২ রান জড়ো করতেই বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৫ উইকেট। অবাক করা ব্যাপার হলো, প্রতিটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক একাই। আর এতে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম ফাইফারের কীর্তি গড়েছেন তিনি। সবচেয়ে কম বলে ফাইফারের রেকর্ড অবশ্য তারই দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকার করেন তিনি। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ১৯ বলে ফাইফারের স্বাদ পান স্টার্কের পূর্বসূরি আর্নেস্ট টশাক। ২০১৫ সালে অজিদের বিপক্ষে ১৯ বলে ফাইফার পান ইংলিশ কিংবদন্তি স্টুয়ার্ট ব্রড। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ডও ফাইফার আদায় করেন ১৯ বলে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বলে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন শেন ওয়াটসন। আর এবার স্টার্কের লাগল ২২ বল। নিজের ও ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে শিকার করেন তিনি। এরপর একে একে শিকার করেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসের উইকেট। তাদের মধ্যে মুমিনুল ছাড়া আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ফাইফার পূর্ণ করার সময় স্টার্কের খরচের খাতায় ছিল মাত্র ৪ রান।