শনিবার ২২ আগস্ট দুপুরে ফুলের রাজধানী খ্যাত গদখালীতে ফুলচাষীদের জন্য রেলস্টেশন স্টপেজ এবং সংস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর ২ আসনের দুইজন সংসদ সদস্যের আমন্ত্রণে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মেদ হোসেন মাসুম পরিদর্শনে আসেন।শনিবার দুপুরে গদখালী রেলস্টেশনে আয়োজিত আলোচনা সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন - যশোর ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী , রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। স্টেশন উদ্বোধনের কোন ঘটনাই ঘটেনি। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ফুল ব্যবসায়ী এবং গদখালি ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।