শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান সাকিলা ফারজানার

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৪:১৬ পিএম
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান সাকিলা ফারজানার

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। গতকাল শনিবার (২২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে  মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ রাশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম.জি কিবরীয়া, অত্র প্রতিষ্ঠানের সুপার মো. সোহরাব হোসেন চৌঃ, বিএনপি নেতা গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে