রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০১:৪০ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০১:৪০ পিএম
রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, গত সাত বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার কিছুটা বেড়েছে। তবে ফল প্রকাশের দিন রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য বছরের তুলনায় শিক্ষার্থীদের তেমন জটলা বা উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

বোর্ডের অধীন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফলাফল জানতে পারে। অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ও অনলাইনে নিজেদের ফলাফল সংগ্রহ করে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম চলমান থাকায় ফল প্রকাশকে ঘিরে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সীমিত। ফলে ফলাফল প্রকাশের দিন অনেকটা স্বাভাবিক পরিবেশেই পার হয়েছে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই অনলাইনে ফলাফল পাওয়ার কারণে স্কুলে গিয়ে ফল জানার প্রয়োজন বোধ করেননি। এতে অন্যান্য বছরের তুলনায় ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় ও উচ্ছ্বাস ছিল কম।

আপনার জেলার সংবাদ পড়তে