শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সহাবস্থানের আহ্বান

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৫:২৩ পিএম
শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সহাবস্থানের আহ্বান

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করে একটি শান্তিপূর্ণ জামালগঞ্জ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলার বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনীতি হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং জনগণের কল্যাণমুখী। শান্তি ও সম্প্রীতির এই পরিবেশ বজায় রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে ‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) জামালগঞ্জ।

পানি উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ প্যান সমন্বয়কারী নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে -^াগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন রায়, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমীন, ইউপি সদস্য বেবী রানী, অর্চনা দাস ও শারমিনা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান -^াধীন, শরীফ আহমদ, সালমা আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানে পিএফজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও নতুন নতুন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে বক্তারা একটি সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জামালগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে