পেকুয়ায় তর্কাতর্কির জেরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৩:১২ এএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৩:১২ এএম
পেকুয়ায় তর্কাতর্কির জেরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আবু তাহের (৭৫) নামের  এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৬ জুন) পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের আবু তাহের (৭৫) উপজেলার মগনামা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হারুন মাতবর পাড়ার বাসিন্দা। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়া জানান, ঘটনার সময় একই ইউনিয়নের পুরাতন বহদ্দার পাড়ার নুরুল হোছাইনের ছেলে শিফাত এবং শাহ আলমের ছেলে বাহাদুর নিহত আবু তাহেরের বাড়িতে ঢিল নিক্ষেপ করে। বিষয়টি জানতে পেরে আবু তাহের ঘর থেকে বের হয়ে কারণ জানতে চাইলে তাদের সঙ্গে বাকবিতান্ডা শুরু হয়। একপর্যায়ে শিফাত ও বাহাদুর ধারালো কিরিচ দিয়ে তাকে কুপিয়ে এবং মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের পুত্রবধূ ছখিনা বেগম বলেন, আমার জা তৈয়বা বেগমের ঘরের চালে শিফাত ঢিল ছোড়ে। তিনি চিৎকার করলে শ্বশুর আবু তাহের ঘর থেকে বের হয়ে কারণ জানতে চান। তখন শিফাত ও বাহাদুর তাকে কিরিচ দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে পুকুরে ফেলে দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, তার জা তৈয়বা বেগমের স্বামী কায়সার মালয়েশিয়ায় থাকেন। স্বামী বিদেশে থাকার সুযোগে শিফাত প্রায় তৈয়বাকে উত্যক্ত করত এবং রাতে বাড়িতে এসে ঢিল ছুড়ে বিরক্ত করত।

নিহতের নাতনি জারিন হাসনাত তাসফিয়া বলেন, বাড়িতে ঢিল ছোড়ার পর দাদা বের হলে শিফাত তাকে কিরিচ দিয়ে কোপ দেয় এবং পুকুরে ফেলে দেয়। দাদার চিৎকার শুনে আমার চাচা তারেকসহ আমরা বের হয়ে আসি। কিন্তু হামলাকারীরা পালিয়ে যায়।  নিহতের বড় ছেলে নবাব মিয়া অভিযোগ করে বলেন, শিফাত একজন বখাটে। আমার ছোট ভাই কায়সারের স্ত্রী তৈয়বা বেগমকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। এ বিষয়টি নিয়ে আগে সামাজিকভাবে বিচার-সালিশও হয়েছে এবং শিফাতের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল। এরপরও সে উত্যক্ত করা বন্ধ করেনি। শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে