বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন সাইফ

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৩ মার্চ, ২০২৬, ০৯:৫৮ এএম | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৯:৫৮ এএম
বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন সাইফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে অবশ্য নেই কোনো আইসিসি ট্রফি আর। যদিও আগামী বছর রয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলবে টাইগাররাও। হাতে বেশ লম্বা সময় থাকলেও ব্যাটার সাইফ হাসান বলছেন এখন থেকেই প্রস্তুতির কথা। গতকাল সোমবার মিরপুরে বিসিএল ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি।’ তিনি বলেন, ‘সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢ়ুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’ ফাইনাল ম্যাচের উইকেট নিয়ে সাইফ বলেন, ‘আমরা যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। কালকের যদি ওরকম থাকে, অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট হবে, ব্যাটসম্যান-বোলার সবাই সাহায্য পাবে অবশ্যই। ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।’