বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:১৮ এএম
বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার আটক করা হয়। ওইদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, জসিম উদ্দিন এসব মামলার অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনে মুক্তি পেলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় আটক করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও নতুন করে তাকে আটক করা হলো। রাজনৈতিক জীবনে জসিম উদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি পদ লাভ করেন। হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে