খানসামার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সাত মাস ধরে প্রকট ওষুধ সংকট

সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর: | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০১:০৬ পিএম
খানসামার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সাত মাস ধরে প্রকট ওষুধ সংকট
ছবি: FNS

গ্রামের তৃণমূল পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল মাধ্যম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো তবে গত সাত মাস যাবৎ পর্যাপ্ত বরাদ্দের অভাব অনিয়মিত সরবরাহ এবং তদারকির দুর্বলতার কারণে খানসামার প্রতিটি কেন্দ্রেই তীব্র ওষুধ সংকট চলছে। এর ব্যতিক্রম নয় ভেড়ভেড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শুধু সাধারণ ওষুধই নয়, কেন্দ্রগুলোতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সাধারণত গর্ভবতী মা ও নবজাতকের যত্ন, প্রজনন স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসায় প্রায় ৩০ থেকে ৩২ ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, প্যারাসিটামল, অ্যান্টাসিড, আয়রন ও ভিটামিন ট্যাবলেট। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে অধিকাংশ কেন্দ্রেই এসব ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “শুধু সাধারণ রোগবালাইয়ের ওষুধই নয়, বর্তমানে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয় ওষুধ বা সামগ্রীও ঠিকমতো পাওয়া যাচ্ছে না ,সেবা নিতে আসা দম্পতিদের আমড়া খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। এভাবে চলতে থাকলে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হবে এবং ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য সর্দি-কাশি, জ্বর বা গ্যাস্ট্রিকের ওষুধ পেতেই এখন এসব কেন্দ্রগুলোতে গিয়ে খালি হাতে ফিরতে হয়। বাধ্য হয়ে তাদের চড়া দামে স্থানীয় বাজার বা ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে। বিশেষ করে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ কিনতে না পেরে রোগ নিয়ে দিন কাটাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ সহকারীরা জানান, দীর্ঘদিন ৭ মাস ধরে ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য  খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার ভিত্তি হলো এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। এখানে যদি প্রয়োজনীয় ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী না থাকে, তবে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং অতিরিক্ত খরচের মুখে পড়বে। এই সংকট কোনো একটি নির্দিষ্ট এলাকার নয়, বরং এটি জাতীয় একটি সমস্যা। সারাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম গতিশীল রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ, বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং ওষুধের সরবরাহ চেইন শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানিয়েছেন দেশের সচেতন নাগরিক সমাজ ও চিকিৎসকরা।

আপনার জেলার সংবাদ পড়তে