চাঁদপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল

কচুয়াকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ উপজেলা

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম
কচুয়াকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ উপজেলা
ছবি: FNS

চাঁদপুরে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২২তম জেলাপ্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় সহজ জয় পেয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ দল।
বিগত টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট দল নিয়ে মাঠে নামে ফরিদগঞ্জ। জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার রেজাউল করিম রেজার নেতৃত্বে দলটি শুরু থেকেই শক্তিশালী ও গোছানো আক্রমণ পরিচালনা করে। প্রথমার্ধে কচুয়া দল সমান তালে লড়াই করে ফরিদগঞ্জকে আটকে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরিদগঞ্জের এক ফরোয়ার্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কচুয়ার রক্ষণভাগ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে ফরিদগঞ্জকে ১-০ গোলের লিড এনে দেন পুষ্প।
দ্বিতীয়ার্ধে ফরিদগঞ্জ আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ১৪ নম্বর জার্সিধারী নাজমুল হোসেন কচুয়ার রক্ষণভাগে ধস নামানো। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি একাই পরপর দুটি গোল করে দলের জয়কে নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ উপজেলা দল। খেলায় কচুয়ার তুলনায় ফরিদগঞ্জ দলের সমর্থকদের উপস্থিতি ও উল্লাস ছিল চোখে পড়ার মতো।

রোববারের এই জমজমাট ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেনÑচাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম,অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান মানিককচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন,চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ও বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু,চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক বেলাল হোসেন চৌধুরী।
এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনজিল হোসেন,ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল,টিম ম্যানেজার নুরুন্নবী নোমান,সদর উপজেলা ফুটবল টিমের কোচ জাহাঙ্গীর গাজি,জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক,জাহাঙ্গীর পাটোয়ারী,ফরিদগঞ্জ উপজেলা টিমের কোচ স্বপন ও আমিন মোল্লা, অঙ্গনা ক্রীড়া চক্রের রিফাই,মহসিন পাটওয়ারী সহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ডিসি কাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

আপনার জেলার সংবাদ পড়তে