ম্যাচের শেষ বাঁশি বাজার পরও মাঠে বসে ছিলেন হামজা-ফারহানরা। গ্যালারিতেও নেমে আসে নীরবতা। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে সমান। আক্রমণ ও বলের দখলে কেউ কাউকে খুব বেশি ছাড় দেয়নি। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের দ্বিতীয় মিনিটে সামিতের ভুল পাস থেকে পাকিস্তানের আল উজাইরের শট ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। পাঁচ মিনিট পর কাজেম শাহর শটও সামলে নেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাঁট। ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর রহমত মিয়ার ভুলে পাকিস্তানও সুযোগ তৈরি করে, তবে উজাইরের শট ঠেকান শ্রাবণ। ৩২ মিনিটে আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় পাকিস্তান। বিরতির আগে সুকির একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা কিছুটা নিষ্প্রাণ হয়ে পড়ে। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীও কয়েকবার মেজাজ হারান। একাধিক ফাউল করেন তিনি। ৭৬ মিনিটে বক্সের সামনে তাঁর ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে দারুণ সেভ করেন শ্রাবণ। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৮৬ মিনিটে। গোল কিক নেওয়ার পরিবর্তে হাত দিয়ে বল বাড়াতে গিয়ে ভুল করেন শ্রাবণ। বক্সের সামনে বল পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। সেখান থেকে আব্দুল সামাদ শেহজাদের কাছে বল গেলে তিনি বাংলাদেশের রক্ষণ ভেঙে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি। এগিয়ে যায় পাকিস্তান। গোল শোধ করতে শেষ মুহূর্তে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে যোগ করা সময়ে গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছোড়ায় খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। পাকিস্তানের গোলপোস্টের সামনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে থেমে যায় ম্যাচ। পরে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়। কিন্তু সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোচ ডুলি রহমত মিয়ার বদলে বিশ্বনাথ এবং সুকির বদলে ইব্রাহিমকে মাঠে নামানো। তবে বদলি খেলোয়াড়দের কেউই ম্যাচের চিত্র বদলাতে পারেননি। অন্যদিকে সেমিফাইনালের আগে দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারকে নিয়ে পাকিস্তান দারুণ পরিকল্পিত ফুটবল খেলেছে। শেষ পর্যন্ত তাদের রক্ষণভাগের দৃঢ়তা ও বাংলাদেশের গোলরক্ষকের ভুলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।