ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে; যিনি নূর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তি হত্যা মামলার প্রধান আসামি। শনিবার ভোররাতে যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।জসিম উদ্দিন মহেশপুর উপজেলার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার পোড়াদহ মাঠে আর্থিক লেনদেন নিয়ে বাকবিতান্ডার একপর্যায়ে নূর মোহাম্মদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার জসিম উদ্দিনকে প্রধান আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে চৌগাছার বুড়িন্দিয়া গ্রামে আসামির এক ভাগনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলছে। তাকে যথাযথ আইনি প্রক্রিযা অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।