চাঁদাবাজি ও সন্ত্রাসে আতঙ্কিত ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ

খুলনা যেন মৃত্যুপুরী! দশ মাসে ৭৭ খুন, গুলিতে ২৬

সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
খুলনা যেন মৃত্যুপুরী! দশ মাসে ৭৭ খুন, গুলিতে ২৬
ছবি: FNS

 খুলনা যেন ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কের জনপদে। খুন, গুলিবর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক অপরাধমূলক ঘটনায় উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। গত ১০ মাসে খুলনা জেলায় ৭৭টি হত্যাকাণ্ড এবং ২৬টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী, চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসক, শিল্পোদ্যোক্তা, পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনের আলোতে রাজনৈতিক পরিচয় কিংবা বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলাফেরা, আর রাত নামলেই সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতাÑএমন অভিযোগও উঠছে বিভিন্ন এলাকায়। আধিপত্য বিস্তার, জমি দখল, মাদকের ব্যাবসা নিয়ন্ত্রণ, ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বিশেষ করে ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার, পরিবহণ খাত ও শিল্পাঞ্চলে চাঁদাবাজির অভিযোগ নিয়ে আলোচনা চলছে। অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও সন্ত্রাসীদের হুমকি ও প্রভাব বিস্তারের কারণে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে।
অন্যদিকে হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের ধারাবাহিক ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছেÑআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কোথায়? অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অপরাধের নেপথ্যের পৃষ্ঠপোষকদের শনাক্ত করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
খুলনার সচেতন নাগরিকদের মতে, বিচ্ছিন্ন অভিযান কিংবা সাময়িক গ্রেপ্তারে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
খুলনাবাসীর প্রত্যাশা, হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হবে। মানুষ আর আতঙ্ক নয়, নিরাপদে বসবাস ও ব্যাবসা-বাণিজ্য পরিচালনার নিশ্চয়তা চায়।

আপনার জেলার সংবাদ পড়তে