স্যান্ডপেপার বিতর্কে মুখ খুললেন কামিন্স

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ পিএম
স্যান্ডপেপার বিতর্কে মুখ খুললেন কামিন্স
ছবি: FNS

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার কেলেঙ্কারির বিষয়ে পুরো অস্ট্রেলিয়া দল জানতো বলে নিজের বইতে উল্লেখ করেছেন উসমান খাজা। তার এমন মন্তব্যকে ‘শতভাগ ভুল’ এবং ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন প্যাট কামিন্স। খাজার বইয়ে করা অভিযোগের জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলন করেন কামিন্স। ৬৮ মিনিটের প্রশ্নোত্তর পর্বে বল টেম্পারিংয়ের জন্য অবৈধ পদ্ধতি ব্যবহারের বিষয়ে পুরো দল জানতো, খাজার এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন তিনি। কামিন্স বলেন, ‘তিনি যখন বলেন আমড়া সবাই জানতাম, এর অর্থ যদি হয় মাঠে স্যান্ডপেপার নেওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সেটি ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরেই আমি বলে আসছি, এমন কিছু ঘটছে তা আমার জানা ছিল না।’ তিনি আরও বলেন, ‘তবে উসমান এর চেয়েও গুরুতর কিছু অভিযোগ করেছেন। তিনি বলেছেন, স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার নেপথ্যে আমি ও আরও কয়েকজন ছিলাম। এটি পুরোপুরি ভিত্তিহীন। এ সপ্তাহে জানতে পেরে আমি সত্যিই বিস্মিত হয়েছি যে উসমান স্বীকার করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি।’ খাওয়াজার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করে কামিন্স বলেন, ‘এটি আমার পরিচিত উসমান নয়। গত আট বছরে অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি পুনর্গঠনে যে উসমান আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে এই বক্তব্য মেলে না। উসমান আমার বন্ধু। তবে বন্ধুর জীবন ও সুনামের বিষয়টি কেউ হালকাভাবে নিতে পারে না।’ তদন্ত নতুন করে শুরু করা উচিত কি না, এমন প্রশ্নে কামিন্স বলেন, সিদ্ধান্তটি ক্রিকেট অস্ট্রেলিয়ার। তবে তার মতে, তখনকার তদন্ত যথাযথ প্রক্রিয়ায় হয়েছিল। এ সপ্তাহে খাজার সঙ্গে কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কামিন্স। তবে তাদের কথোপকথনের বিস্তারিত জানাননি তিনি। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে সম্পর্ক এখন কোন দিকে যাবে, তা নিয়েও ভাবছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। খাজার কিছু অভিযোগ মানহানিকর হতে পারে বলে তাকে পরামর্শ দেওয়া হলেও আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন কামিন্স। ২০১৮ সালের ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের পাওয়া শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ ও ‘মাত্রাতিরিক্ত’ বলেও মন্তব্য করেছেন তিনি। খাজার বই প্রকাশের পর ওয়ার্নার বা ব্যানক্রফটের সঙ্গে কথা হয়নি কামিন্সের। তবে স্মিথের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ঘাড়ের চোটের কারণে স্মিথের সরে দাঁড়ানো নিয়ে অস্ট্রেলিয়া দলে অসন্তোষের যে খবর এসেছিল, সেটিও নাকচ করেছেন কামিন্স। তার ভাষায়, স্মিথের সঙ্গে তার বোঝাপড়া ভালো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দুজন একমত।