সৈয়দপুরে

নাজির আহমেদের জীবনের ৬৩ বছর ধরে সময় কাটছে সিনেমা হলে

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫৩ পিএম
নাজির আহমেদের জীবনের ৬৩ বছর ধরে সময় কাটছে সিনেমা হলে
ছবি: FNS

বয়স প্রায় ৭৫ বছর। জীবনের পড়ন্ত বেলায় এসেও কর্মব্যস্ত সময় কাটছে তাঁর। জীবনের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ আর সংসারের নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী হয়ে আছে সিনেমা হল। দীর্ঘ ৭০ বছরের কর্মজীবনের প্রায় পুরোটাই কেটেছে সিনেমা হলের সঙ্গে। একসময় ১০ টাকা বেতনে যে চাকরির শুরু, সেই পেশাকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার বাসিন্দা মো. নাজির আহমেদ।
১২ বছর বয়সে জীবিকার তাগিদে সিনেমা হলে কাজ শুরু করেন তিনি। তখন পড়াশোনা করতেন সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি সৈয়দপুরের লিবার্টি সিনেমা হলে মাত্র ১০ টাকা মাসিক বেতনে চাকরি নেন। কাজ ছিল হলমালিকের ছোটখাটো প্রয়োজনীয় কাজ করে দেওয়া। সেই ছোট্ট কাজ থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ কর্মজীবন।
লিবার্টি সিনেমা হলে প্রায় ৫ বছর চাকরি করার পর একদিন মালিককে কিছু না জানিয়েই চলে যান ঢাকায়। সেখানে শ্যামলী সিনেমা হলে কাজ নেন। পাশাপাশি ঢাকার একটি পলিটেকনিক্যাল কলেজে ইলেকট্রনিক কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। শ্যামলী হলে কাজ করেছেন বেশ কয়েক বছর।এরপর কর্মের সন্ধানে পাড়ি জমানো বগুড়ায়। সেখানে চাকরি নেন নবমী সিনেমা হলে। এখানেও কাজ করেছেন ৪ বছর। তারপর আসেন রংপুরে। রংপুর অরিয়েনটেন সিনেমা হলে চাকুরি নেন। কাজ করেছেন তিন বছর। সেখান থেকে চলে যান কুড়িগ্রামে। কাজ নেন কুড়িগ্রাম উলিপুর সিনেমা হলে। সেখানেও ছিলেন বেশ কয়েক বছর।

কর্মজীবনের নানা পথ ঘুরে আবারও ফিরে আসেন নিজের শহর সৈয়দপুরে। চাকরি নেন তামান্না সিনেমা হলে। এরপর থেকে এ হলের সঙ্গেই জড়িয়ে আছে তাঁর জীবনের দীর্ঘ সময়। বর্তমানে প্রায় ২৭ বছর ধরে একই হলে গেটম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে শুধু গেটম্যান হিসেবেই নয়,দেশের বিভিন্ন সিনেমা হলে সহকারী ম্যানেজার, সুপারভাইজার, টেকনিশিয়ান, মেশিনম্যান ও হেলপারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন নাজির আহমেদ। প্রতিটি কর্মস্থলেই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
সিনেমা হলের চাকরি করেই গড়ে তুলেছেন নিজের সংসার। পাঁচ মেয়ে ও এক ছেলেকে বড় করেছেন। তাঁদের মধ্যে চার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। বড় মেয়ে আঞ্জুমান আরা লতা দিনাজপুর সরকারি কলেজ থেকে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেছেন। দ্বিতীয় মেয়ে ফিরোজা বেগম রংপুরের কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স করেছেন। তৃতীয় মেয়ে আজিজা সৈয়দপুর ডিগ্রি মহিলা মহাবিদ্যালয় থেকে ডিগ্রি পাস করেছেন। চতুর্থ মেয়ে উজমা নিশি সৈয়দপুর সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন। পঞ্চম মেয়ে হাজরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তাঁদের সবাই নিজ নিজ কর্ম ও সংসার নিয়ে ভালো আছেন।
সামান্য বেতনের চাকরি দিয়ে শুরু করা একজন মানুষের কাছে সন্তানদের প্রতিষ্ঠিত করাই ছিল জীবনের বড় অর্জন। সিনেমা হলের পর্দায় প্রতিদিন কত গল্পই না দেখেছেন তিনি। কিন্তু নিজের জীবনের গল্পটিও যেন কোনো সিনেমার চেয়ে কম নয়। দারিদ্র্য, সংগ্রাম, কর্মনিষ্ঠা আর সন্তানদের মানুষ করার স্বপ্ন সব মিলিয়ে তাঁর জীবন যেন এক বাস্তব জীবনচিত্র।
তামান্না হলের ভাড়াটিয়া মালিক মাহবুব আলম ঝন্টু বলেন, নাজির আহমেদ অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ। তাঁর ওপর নির্ভর করা যায়। আমার চেয়ে বয়সে বড় হলেও মনে হয় তিনি যেন আমার পরম বন্ধু। দেশের বিভিন্ন সিনেমা হলে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে আমার হলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বয়সের ভারে অনেকেই যখন কর্মজীবন থেকে অবসর নেন, তখনো নাজির আহমেদ নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিনেমা হলের প্রবেশপথে দাঁড়িয়ে প্রতিদিন দর্শকদের আসা-যাওয়া দেখেন। হয়তো সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমার ধরন, বদলেছে দর্শকের রুচি, কমেছে সিনেমা হলের জৌলুস। কিন্তু বদলায়নি তাঁর কর্মের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।
সিনেমার পর্দায় কত নায়ক-নায়িকার উত্থান-পতন দেখেছেন নাজির আহমেদ। অথচ নিজের জীবনের নায়ক হয়ে নীরবে লড়াই করে গেছেন পুরোটা সময়। তাঁর কাছে চাকরি শুধু জীবিকা নয়, এটি জীবনের দীর্ঘদিনের অভ্যাস, ভালোবাসা ও আত্মপরিচয়।

আপনার জেলার সংবাদ পড়তে