খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ব্যানার টাঙানো ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ধর্মঘটের ব্যানারে রাতের আঁধারে এমন কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার রাতে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ক্যাম্প পুলিশের এসআই খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে দেন। এ সময় তিনি সেখানে টাঙানো ব্যানারটি সংরক্ষণ করেন। এদিকে রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। কারা এবং কী উদ্দেশে এসব ঘটনা ঘটাচ্ছে, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি উঠেছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা এ কাজের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।