একসময় স্পিন উইকেট মানেই ছিল তাইজুলের ভেলকি। সাকিব আল হাসান যাওয়ার পর বাঁহাতি স্পিনার হিসেবে একাই বলতে গেলে টানছিলেন বাংলাদেশকে। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রেও সর্বোচ্চ উইকেট তার। তবে হুট করে ফর্ম হারিয়ে এখন সমালোচিত। তাইজুলের হলোটা কী? এই প্রশ্নের উত্তর খুঁজছেন নির্বাচকরাও। মিরপুরে স্পিন বান্ধব উইকেটেও ছিলেন নিষ্প্রভ। অস্ট্রেলিয়ায় দুই টেস্টে মাত্র ২ উইকেট পাওয়া তাইজুল ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টে উইকেট পেয়েছেন ৩টি। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪৪ রান খরচ করে উইকেট শূন্য, দ্বিতীয় ইনিংসে ১ উইকেট পেলেও খরচ করেন ১১২ রান। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে তাইজুলকে নিয়ে গেলেও ম্যাচ খেলানোর নিশ্চয়তা এখনও নেই। কারণ স্বভাবতই সেখানে পেসারদের প্রাধান্য দিয়েই বোলিং আক্রমণ সাজানো হবে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় আমড়া হয়ত পেসারদের প্রাধান্য দিব। ৫ জন পেসার নিয়েছি। কন্ডিশন ভিন্ন। ২ জন স্পিনার খেলালেই হবে, ৩ জন পেসার অবশ্যই খেলবে। ৪ জনও খেলতে পারে। ৩ স্পিনার সেখানে দরকার নেই। তবে তাইজুলের ফর্ম নিয়ে যে দুশ্চিন্তা বিরাজ করছে, তা আড়াল করেননি। তিনি বলেন, ‘তাইজুলের ফর্ম নিয়ে অবশ্যই আমড়া চিন্তিত। ওদিকে মিরাজ আছে। বাঁহাতি স্পিনার থাকলে, এখনও তাইজুলের ওপর ভরসা রাখতে চাঁই। যদিও তাইজুল অফ ফর্মে যাচ্ছে এই দুই টেস্টে। ওর ফর্মে ফেরা খুব দরকার।’ ফর্মে না থাকলেও কেন তাইজুলের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না, প্রধান নির্বাচক দিয়েছেন সেই ব্যাখ্যাও। এখনও তাইজুলকেই দেশের সেরা স্পিনার হিসেবে গণ্য করছে নির্বাচক প্যানেল। তাই বিশ্বাস, দ্রুতই ফর্মে ফিরবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বাশার বলেন, ‘এখনই বাইরে রাখতে চাঁই না। সে আমাদের সেরা স্পিনার, এ ব্যাপারে কারও সন্দেহ নেই। জেনুইন স্পিনারের কথা বললে ওর নামটাই আসে। এখনও সর্বোচ্চ উইকেট ওর। কিছু একটা হয়ত সমস্যা হচ্ছে। আশা করি ফর্ম ফিরে পাবে। কারণ ওঁকে আমাদের অনেক দরকার। ওর এপর ভরসা রাখছি।’