‘সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ ইরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল-মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শহিদ উল্লাহ, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও আইসিটি কর্মকর্তা আবদুর রহিম।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সেনবাগ, নোয়াখালীর আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।