‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার কাজি মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুল্লাহ, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবীর সহ স্থানীয় সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার উপরও গুরুত্বারোপ করা হয় ।