মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মামুন (৪০)। তিনি গজারিয়া থানার হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের ছেলে বলে জানা যায় ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (০৭ নভেম্বর) ভোর ৪:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি চৌকশ অভিযানিক দল হোগলাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারায় একটি মামলা রয়েছে (সোনারগাঁও থানার মামলা নং- ২১(৪)২৫, দায়রা নং- ১৫৭৮/২৫)। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
সাজা ঘোষণার পর থেকেই মামুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গজারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন গজারিয়া থানা এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন, বলেন সে এলাকার চিনি তো মাদক ব্যবসায়ী দীর্ঘদিন পালিয়ে ছিল তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।