কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ৪৩০০ টাকা উদ্ধার জরিমানা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:১৬ পিএম
কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ৪৩০০ টাকা উদ্ধার জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের(দুদক) অভিযানে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রাকিব হাসান নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুদক, ঝিনাইদহের একটি দল এ অভিযান পরিচালনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের বিভিন্ন কাজে টিপসই দেওয়ার জন্য সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় রাকিব হাসানের কাছ থেকে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।অভিযুক্ত রাকিব হাসানের দাবি, সাব-রেজিস্ট্রারের নির্দেশনা অনুযায়ী তিনি ওই টাকা নিতেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানতে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত রাকিব হাসান নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন। পরে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও রেজওয়ানা নাহিদ।অভিযান সম্পর্কে বক্তব্য জানতে দুদকের সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সেখানে যাই। উদ্ধার করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া অভিযুক্ত রাকিব হাসানকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে