বিগ ব্যাশের আসন্ন মৌসুমে খেলবেন রিশাদ হোসেন। গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছিলেন টাইগার লেগ স্পিনার। এবারও একই দলের হয়ে খেলবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার দল হোবার্ট হারিকেনস। সর্বশেষ মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলেছিলেন রিশাদ হোসেন। সেখানে করেছিলেন বাজিমাত। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টের সব দল মিলিয়েই আসরের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। হয়েছিলেন মৌসুমের সেরা খেলোয়াড়ও। পুরো টুর্নামেন্টে রিশাদের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ওভারপ্রতিও রান দেওয়াতেও মুনসিয়ানা দেখিয়েছিলেন, টুর্নামেন্টে তার ইকনোমি ছিল মাত্র ৭.৮২। রিশাদ দারুণ পারফর্ম করলেও কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয়েছিল হোবার্টকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছিল তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নেয় রিশাদের হোবার্ট। এবার একই দলের হয়ে আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ। ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা রয়েছে বেশ ভালোভাবেই। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতেও খেলার কথা রয়েছে তার। সেখানে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এছাড়া পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই লেগ স্পিনারের। আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশের আসন্ন মৌসুম। চেন্নাইয়ে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। ১৭ ডিসেম্বর হোবার্টের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ব্রিসবেন হিট।